নাসীরুদ্দীনকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: আব্বাস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিবার তার নির্বাচনি এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি দোয়া করি, যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি।”
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে ভোটের প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, তাকে অশান্তিতে রাখার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তার ভাষ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছাকৃতভাবে অশালীন বক্তব্য দিচ্ছেন, যাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি এমন পরিস্থিতিতে জড়াবেন না বলেও জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির নানা চেষ্টা চলছে।
এদিন আরামবাগে ভোটের প্রচার শেষে ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন। বিকেলে কমলাপুর কালভার্ট রোড থেকে বাব-এ-রহমত উটখামার পর্যন্ত নির্বাচনি প্রচার চালান তিনি। সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কলেজসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। রাতে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার এলাকায় ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে।
মির্জা আব্বাসের অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। পাশাপাশি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টাও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি দাবি করেন, কিছু দল নিজেদের কর্মকাণ্ডের দায় অন্য দলের ওপর চাপানোর চেষ্টা করছে। তার মতে, তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশ পরিচালনায় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিছু দলের পক্ষ থেকে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকারের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের লোক থাকায় তারা এমন সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে।
ঢাকা/আলী/রাসেল