ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাপের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় লঙ্কানদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৬
চাপের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় লঙ্কানদের

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২০ রানে আয়ারল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। জয়ের ব্যবধান যতটা বড়, ততটা হওয়ার কথা আসলে ছিল না। আয়ারল্যান্ড হুট করে পথ হারানোয় শ্রীলঙ্কা পেয়েছে স্বস্তির জয়। ম্যাচে শ্রীলঙ্কাকে বেশ চাপেই রেখেছিল তারা। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি। 

ব্যাটিং দিয়েই বিশ্লেষণ করা যাক। টস হেরে ব্যাটিং করতে নেমে শেষের ঝড়ে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৬৩ রান করে। ইনিংসের শেষ ৫ ওভারে তারা ৬৮ রান পায়। লড়াকু পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে আয়ারল্যান্ডকে তেমন চেপে ধরতে পারেনি লঙ্কানরা। আইরিশ ব্যাটসম্যানরা জবাব দিচ্ছিল।  ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৯২ রান। 

আরো পড়ুন:

কিন্তু পরে আর লড়াইয়ে তারা পারেনি। শতরানে পৌঁছানোর পর শ্রীলঙ্কার স্পিনার ও পেসারদের আক্রমণে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় টেক্টর-টাকারা। তাতে জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও ম্যাচটা বড় ব্যবধানে হেরে যায় তারা। 

সঙ্গে যোগ হয়েছে তাদের দূর্বল ফিল্ডিং। ম্যাচে তিনটি ক্যাচ মিস করেন ফিল্ডাররা। যা বড় ব্যবধান গড়ে দেয়।  

শ্রীলঙ্কার ব‌্যাটিং ইনিংসের শুরু ও মাঝে ছিল চরম বিপর্যয়। তেমন উইকেট হারায়নি। কিন্তু রান তুলতে প্রায় ভুলেই গিয়েছিলেন তারা। বিশেষ করে বাউন্ডারি ছিল দূর আকাশের তারা। পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে রান ৫০। ৭-১৫ ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি নেই। এ সময়ে মাত্র ৪৫ রান যোগ হয় স্কোরবোর্ডে। স্বাগতিকদের স্কোরবোর্ডের চিত্র পাল্টে যায় শেষের ৫ ওভারে। চার-ছক্কার স্রোতে জমা হয় ৬৮ রান। 

টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কান্ডারি হয়ে ছিলেন কুশল মেন্ডিস। ৪৩ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৫ চারে সাজান ইনিংসটি। ছিল না কোনো ছয়ের মার। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ব্যাটেই রক্ষা হয় লঙ্কানদের। ১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন কামিন্দু। এই দুই ব্যাটসম্যান বাদে ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ রান করেন। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।

আয়ারল‌্যান্ডের হয়ে ডর্করেল ও ম‌্যাকার্থি ২টি করে উইকেট নেন। 

লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক পল স্টারলিং ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন। এরপর রস আডায়ার ও হ্যারি টেক্টর মিলে ইনিংস গুছানোর চেষ্টা করেন। দুজনে মিলে ৩২ রানের জুটি গড়েন। ৩৪ রানে আডায়ার ফিরে গেলে টেক্টরের সঙ্গে যোগ দেন লরকান টাকার। তবে এক রানের জন্য পঞ্চাশ ছোঁয়া হয়নি তাদের জুটির।

১০৩ রানে টেক্টর–টাকারের জুটি ভাঙার পরই ব্যাটিং ধস নামে আয়ারল্যান্ডের। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচটা কার্যত শ্রীলঙ্কার হাতে তুলে দেয় তারা। শেষ দিকে নামা ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে দারুণ পারফরম্যান্স করেন বোলাররা। পেসার মাহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা।

ব্যাট হাতে ইনিংসের শেষদিকে ঝড়ো ব্যাটিং করে ম্যাচসেরা হন কামিন্দু মেন্ডিস।

আগামী ১২ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পরের ম্যাচ ওমানের বিপক্ষে। তার আগে ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়