ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা দেওয়া হবে: জুবাইদা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা দেওয়া হবে: জুবাইদা

রবিবার রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিএনপি ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

তিনি বলেছেন, নারীবান্ধব সরকার গঠনের মাধ্যমে নারী শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে।

আরো পড়ুন:

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্মদানের ব্যবস্থা করা হবে এবং মা ও শিশুস্বাস্থ্য সেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে, যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন জুবাইদা রহমান। 

গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

 ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়