ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়: মির্জা আব্বাস

মির্জা আব্বাস সেন্ট মেরী’স ক্যাথেড্রালে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়। সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলের সেন্ট মেরী’স ক্যাথেড্রালে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। মত বিনিময় শেষে তিনি কাকরাইল এলাকায় গণসংযোগ করেন। 

আরো পড়ুন:

মির্জা আব্বাস বলেন, ‘‘আগে সেন্ট মেরী’স ক্যাথেড্রালসহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান তার নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত ছিল না। তবে সাম্প্রতিক সীমানা পুনঃনির্ধারণের ফলে সেগুলো এখন ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত হয়েছে।’’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবুও তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং দেশের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্ব দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেই বাংলাদেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’’

মির্জা আব্বাস বলেন, ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখানো ঠিক নয়। দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ভোটব্যাংক নয়। এ ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোনো সম্প্রদায়কে পরোক্ষভাবে অপমান করা হয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইসলাম ধর্মে প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। মাঝে মাঝে কিছু অপশক্তি বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলেও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ভোটার সংখ্যা কম ভেবে যেন কেউ নিজেদের অবহেলা না করেন। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ এবং একটি ভোট অন্যদের উৎসাহিত করতে পারে। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের কাছে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, ঢাকা-৮ আসনের সব ধর্মাবলম্বী মানুষের সম্মিলিত সমর্থনে তিনি বিজয়ী হবেন।

ঢাকা/আলী//

সর্বশেষ

পাঠকপ্রিয়