ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১০ আগস্ট ২০২২   আপডেট: ২৩:০০, ১০ আগস্ট ২০২২
১০ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আমিনুল হাওলাদার

মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের চরঘুন্সী এলাকায় বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিকার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার শোলপুর গ্রামে। তিনি উপজেলার কবিরাজপুর ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রেমিক দাবি করা আমিনুল হাওলাদার উপজেলার শিরখারা ইউনিয়নের চরঘুন্সী এলাকার মৃত তারেক হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মেয়েটির সঙ্গে পরিচয় হয় আমিনুল হাওলাদারের। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ২০১৬ সালে মেয়েটিকে অন্য জায়গায় জোড় করে বিয়ে দেয় পরিবার। কিন্তু বিয়ের এক মাস না যেতেই প্রেমিক আমিনুলের জন্য মেয়েটি তার স্বামীকে তালাক দেন। পরে তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে। ওই বছরই আমিনুল ইতালি চলে যায়। এরপর প্রেমিকার প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নেন আমিনুল। ব্যাংকের মাধ্যমে টাকাও পাঠান। দুই পরিবারের মাঝে সখ্য গড়ে ওঠে।

চলতি বছরের ২ আগস্ট দেশে আসেন আমিনুল। কিন্তু তার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করে। এ খবর পেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন ওই প্রেমিকা। এদিকে কোনো অবস্থাতেই ওই মেয়েকে মেনে নিতে নারাজ আমিনুলের পরিবার।

আমিনুলের ভাবি লতা আক্তার বলেন, ‘কারও সঙ্গে প্রেম করলে অনেক প্রমাণ থাকে। কিন্তু তাদের প্রেমের কোনও প্রমাণ নেই। আমরা তাকে মেনে নিতে পারব না। আমিনুলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে।’

অনশনরত প্রেমিকা বলেন, ‘আমি বাড়িতে অবস্থান করার পর গা ঢাকা দিয়েছে আমিনুল। আগামী শুক্রবার তার অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা। আমার সঙ্গে ১০ বছর প্রেম করেছে, আমি ওর সঙ্গেই সংসার করতে চাই। বিয়ে করার কথা বলে বিভিন্ন সময় আমার সঙ্গে শারিরীক সম্পর্ক করেছে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘মেয়েটি টানা ১০ বছর প্রেমের দাবি করলেও আমিনুলের পরিবার অস্বীকার করছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বেলাল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়