সেবাপ্রার্থীকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের ট্রেডলাইসেন্স নবায়ন করতে অতিরিক্ত অর্থ দাবি করা নিয়ে সেবাপ্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিলেটের গোলাপগঞ্জের ৩ নম্বর ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় চেয়ারম্যান হানিফসহ আরও দু’জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম (৫১) ও কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম চৌধুরী (৩০)।
মামলার বাদী, গোলাপগঞ্জের কিসমত মাইজভাগ দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রব জুনু মিয়ার ছেলে কামরুজ্জামান মাসুদ (৩৯)।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরের দিকে তিনি সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নম্বর আমলি আদালত গোলাপগঞ্জে মামলাটি দায়ের করেন।
এামলার এজাহারে উল্লেখ করা হয়, কামরুজ্জামান মাসুদ একজন ব্যবসায়ী। তিনি রোববার ( ১৬ জুলাই) ফুলবাড়ি ইউনিয়নে গিয়েছিলেন ট্রেডলাইসেন্স নবায়ন করতে। সেখানে সচিব নজরুল ইসলাম ও কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম চৌধুরী তার কাছে সরকার নির্ধরিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি দাবি করেন। ৪০০ টাকার বদলে তারা ৬৫০ টাকা না দিলে তারা লাইসেন্স নবায়ন করবেন না জানালে প্রতিবাদ করেন মাসুদ। এক পর্যায়ে চেয়ারম্যান ও আব্দুল হানিফ খাঁন ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হন এবং মাসুদকে চড় থাপ্পড় ও ঘুষি মারতে মারতে গেইটের বাইরে নিয়ে যান। সেখান থেকে আবার তার অফিসে নিয়ে দরজা বন্ধ করে তিন জন মিলে তাকে শারীরিক নির্যাতন করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মাসুদের আইনজীবী ফয়ছল আহমদ জানান, আদালত শুনানি শেষে এবং মারধোরের ভিডিও দেখে অভিযোগকে সরাসরি এফআইআর হিসাবে গণ্য করে মামলাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোলাপগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নূর/ইভা