ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৯ জানুয়ারি ২০২৫  
চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে: গোলাম পরওয়ার

বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সন্তানরা। তাদের সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।’’

তিনি বলেন, ‘‘২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ১৮ সালে হয় নিশিরাতের নির্বাচন, আর ২৪ সালে হয় ডামি নির্বাচন। সুতরাং এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না। ডামি নির্বাচন করে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। এদেশের ছাত্র-জনতার মাধ্যমে আল্লাহ তাদের সেই অপশাসন থেকে দেশবাসীকে রক্ষা করেছেন।’’

আরো পড়ুন:

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘আওয়ামী লীগ এ দেশের মালিক ছিল না। তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাত না। বাড়িওয়ালা বাড়ি ছেড়ে পালায় না বরং ভাড়াটিয়া খেলাপি হলে পালিয়ে যায়। শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশকে শান্তিতে রাখতে দিচ্ছে না। চারদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে।’’

তিনি বলেন, ‘‘আমাদের ওপর অবিচার করা হয়েছে কিন্তু আমরা বলি আওয়ামী লীগের ওপর সুবিচার করা হোক। কেননা সুবিচার করা হলেও তাদের শাস্তি হবে। তাদের বিচার হতে হবে এ জন্য যে, আর কেউ যেন এমন দুর্বৃত্ত না হতে পারে।’’

ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন, উপজেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুর রশিদ ও মাওলানা ফরহাদ আল মাহমুদ, কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

এ আগে সকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শহীদ আব্দুল মোতালেব একাডেমি মিলনায়তনে অনুরূপ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সেখানে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। দুর্নীতিবিহীন দেশ গড়তে চাই। এ জন্য সবাইকে কাজ করতে হবে।’’ 

জামায়াতের দেওয়া ৪১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘দেশে সুশাসন প্রতিষ্ঠায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমরা দেশবাসী শুধু জামায়াতে ইসলামী নয়; দেশের আপামর জনগণ জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে এ দেশে যাদের জন্ম হয়েছে; দেশটাকে যারা ভালবাসে, আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। আমরা ইনসাফভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই।’’ 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়