ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫
মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে, রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

কৃষকেরা জানান, প্রতিকেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ করায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই দ্রুত পূর্বের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তারা।

বিক্ষোভ মিছিলে মোহনপুর, তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। এর আগে, গত মাসে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সেদিন বলেন, ‘‘ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা। এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে, অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় আলু সংরক্ষণ করতে পারবেন।’’

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়