ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত নেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৫
বাগেরহাটে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত নেতার মৃত্যু

সংঘর্ষে আহত হয়ে শওকত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার মৃত্যু হয়

বাগেরহাটের কচুয়া উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১১ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দেপাড়া বাজারে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ও নিহতের ভাই মো. লিয়াকত হোসেনসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত শওকত হোসেনকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন:

সংঘর্ষের ঘটনায় নিহতের ভাই লিয়াকত হোসেন বাদী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জন অজ্ঞাতনামাকে আসামি করে কচুয়া থানায় মামলা করেন।

শওকত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেপাড়া বাজার এলাকায় বিএনপি নেতাকর্মী ও নিহতের স্বজনরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা অভিযুক্ত আফজাল গ্রুপের সদস্য হায়দার আলীর বাড়ি ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হায়দার আলীকে আটক করে।

পুলিশ দেপাড়া বাজার থেকে বিএনপির আরো দুই নেতাকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নিহত শওকত হোসেনের ভাই মো. লিয়াকত হোসেন বলেন, “ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী আফজাল হাওলাদারের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমার ভাই গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, কচুয়া ও বাগেরহাট সদর থানা পুলিশ এবং সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা/শহিদুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়