ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৫  
রাজশাহীতে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ

রাজশাহী নগরের বর্ণালী মোড় এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন কৃষক আসলাম আলী।

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে জোর করে পুকুর দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আসলাম আলী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের বর্ণালী মোড় এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। কৃষক আসলাম আলীর বাড়ি দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামে।

লিখিত বক্তব্যে আসলাম আলী বলেন, ‘‘দুর্গাপুরের কালিদহ মৌজায় বৈধ লিজ ও সাব-লিজের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছি। সম্প্রতি হাফিজুর রহমান নামের এক ব্যক্তি জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’’ 

আসলাম আলী অভিযোগ করেন, ‘‘ইতোমধ্যে আমার পুকুরের পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলা হয়েছে। মাছ লুটেরও চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছি।’’ 

তিনি দাবি করেন, ‘‘হাফিজুর রহমানের সঙ্গে প্রভাবশালী কয়েকজন যুক্ত রয়েছেন।’’ সংবাদ সম্মেলন থেকে আসলাম আলী পুকুর রক্ষায় পুলিশ-প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের ব্যাপারে হাফিজুর রহমান বলেন, ‘‘কাগজপত্র না থাকলে গায়ের জোরে কোনো কিছু করা যায় ভাই? এই পুকুরের মূল মালিক নাজমুল ইসলামের সঙ্গে আমার চুক্তি করা আছে। আসলামও দাবি করছেন, নাজমুলের সঙ্গে তিনিও চুক্তি করেছেন। এটা নিয়ে দুই দিন থানায় বসা হয়েছে। ওসি সাহেব সমাধান দিতে পারেননি। সমাধান কীভাবে হবে জানি না।’’ 

ঢাকা/কেয়া/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়