শরীয়তপুরে ৩ লাখ গাছের চারা রোপণ করবে জেলা পরিষদ
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়
পরিবেশের ভারসাম্য রক্ষা, পশু-পাখিদের অভয়ারণ্য তৈরি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলাব্যাপী পর্যায়ক্রমে ৩ লাখ গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
জেলা প্রশাসক তাহমিনা বেগম বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য এ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শরীয়তপুর জেলায় আগামী তিন বছরের মধ্যে আমরা ৩ লাখ গাছ রোপণ করব। এর মধ্যে চলতি বছরেই ১ লাখ চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, গাছ আমরা যেভাবে গাছ কাটি, সেভাবেই চারা রোপণ করা প্রয়োজন। এই দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনও এ কার্যক্রমে অংশ নেবে বলে আমরা আশাবাদী। জেলা প্রশাসন সব সময় এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে।
ঢাকা/আকাশ/রফিক