কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের সাবেক নেতা নিহত
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম হেলাল উদ্দিন (৫০)। তিনি কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া এলাকায় বাড়ি ফেরার পথে হেলালের ওপর হামলা হয়। তার বাড়ি কোটবাজালিয়া গ্রামে।
নিহতের স্বজনেরা জানান, গতকাল রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে হেলাল উদ্দিনের পিঠে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/রাজীব