হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে ইনসাফ: সাদিক কায়েম
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালান ডাকসুর ভিপি সাদিক কায়েম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুটি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি বলেছেন, “গণভোটে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করব। এই ‘হ্যাঁ’ মানে হলো আজাদি, এই ‘হ্যাঁ’ মানে হলো ইনসাফ।”
সোমবার (২ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “‘হ্যাঁ' মানে শরিফ ওসমান হাদি হত্যার বিচার। ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, আমরা কি আমাদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’ চিহ্নে দিতে পারব? দ্বিতীয় ভোটটি দিতে হবে ইনসাফের পক্ষে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণের জন্য আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে।”
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উত্তরবঙ্গের অপরিসীম সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি শুধু যোগ্য নেতৃত্বের অভাবে। তাই, আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি আব্দুল মুনতাকিম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনসাফের প্রতীক ও তারুণ্যের প্রতীককে বিজয়ী করার মাধ্যমে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে।”
ঢাকসুর ভিপি বলেন, “ইতোমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের নাগরিকরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। এর প্রমাণ মিলেছে বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে। আগামী নির্বাচনেও ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।”
তিনি আশা ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ইনসাফের প্রতিনিধি আব্দুল মুনতাকিম ভাই জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।”
সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।
ঢাকা/সিথুন/রফিক