ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিংকর্তব্যবিমূঢ় এনামুল!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৬
কিংকর্তব্যবিমূঢ় এনামুল!

‘‘কাকে জিজ্ঞেস করবো? কী জিজ্ঞেস করবো?....আপনিই বলে দেন।’’ – ফোনের ওপাশে এনামুল হক বিজয়ের সুরটা যেমন রাগান্বিত ছিল ঠিক তেমনই হতাশায় মোড়ানো। ২২ গজে তার ফেরা নিয়ে আলোচনা উঠতেই কয়েক মিনিটের কথায় দুইরকম অভিজ্ঞতা হলো।

ফিক্সিং সন্দেহের কারণে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের ‘রেড মার্ক জোনে’ ছিলেন এনামুল। এজন্য দ্বাদশ বিপিএলের নিলাম তালিকা থেকে তার নাম কাটা পড়ে। এরপর গণমাধ্যমে হাজির হয়ে বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন। কোনো উপায় না দেখে ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান অপেক্ষায় ছিলেন পরের ঘরের ক্রিকেট প্রতিযোগিতার। কেননা বিসিবির দুর্নীতি দমন ইউনিট শুধুমাত্র তার বিপিএলে অংশগ্রহণে বাধা দিয়েছিল।

আরো পড়ুন:

কিন্তু অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় তিন দলে দেশের ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও নেই এনামুল হক বিজয়ের নাম। বিসিবি এনামুলসহ যে ৮ ক্রিকেটারের নাম দিয়েছিল, তার মধ্যে এনামুলই এখন পর্যন্ত পারফর্ম করে টিকে আছেন। তাকে কেন রাখা হলো না সেই বিষয়ে নির্বাচকদের কোনো ব্যক্তব্য পাওয়া যায়নি।

টুর্নামেন্টের আয়োজক বিসিবি। সব কিছুর ব্যবস্থাপনা করছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। নির্বাচকরা তিন দলের ৩৯ ক্রিকেটারকে বাছাই করেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে দল বাছাইয়ের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক দল করেছেন গাজী আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হোসেন শান্তর নির্বাচক প্যানেল।

ধূমকেতু, দুর্বার ও দুরন্ত তিনটি একাদশ বাছাই করেছেন তারা। লিটন কুমার দাস রয়েছেন ধূমকেতু একাদশের দায়িত্বে। তার অধীনে থাকা দলটি জাতীয় দলের সব ক্রিকেটার রয়েছে। দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় টি-টোয়েন্টি দলের দুয়েকজন ক্রিকেটারসহ বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই দল। এছাড়া দুর্বার একাদশের দায়িত্বে আকবর আলী। তার অধীনে থাকা বেশির ভাগ ক্রিকেটাররাই ইমার্জিং দলের। যুব বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদেরও রাখা হয়েছে এই প্রতিযোগিতায়।

প্রতি দলে ১৩ জন করে খেলোয়াড়। পারফরম্যান্স নেই এমন ক্রিকেটার রয়েছে স্কোয়াডে। কিন্তু এনামুল উপেক্ষিত! ক্রিকেট পরিচালনা বিভাগ থেকেও সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। তবে দায়িত্বশীলন এক কর্মকর্তা বললেন, ‘‘টুর্নামেন্টা হুট করে আয়োজন করা হচ্ছে। এমন না যে আমাদের প্রতি মৌসুমের ক্যালেন্ডারে থাকবে। বিশ্বকাপে দল যাচ্ছে না। ক্রিকেটাররা বসে ছিলেন। তাই টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের অনান্য প্রতিযোগিতার মতো এটা নয়। বিশেষ কারণে হচ্ছে। এজন্য নিয়মিত যারা খেলছে তাদের নিয়েই হয়তো দল বাছাই করা হয়েছে।’’

কিন্তু এসব কিছুই মানতে পারছেন না এনামুল। পুরো বিষয়টি তার কাছে তালগোল পাকানোর মতোই লাগে, ‘‘এটা কিভাবে হয় বলুন। কতদিন খেলা ছাড়া বসে আছি। অনুশীলনের সুযোগ নেই। বিপিএল খেলতে পারলাম না। এখন একটা টুর্নামেন্ট হচ্ছে। সেখানেও নিল না। কেন নেই, সেই কারণও জানি না। পুরো বিষয়টাই আমার কাছে এলোমেলো।’’

বিসিবির সঙ্গে যোগাযোগ হয়েছে কি না কিংবা যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে আক্ষেপ করেই উল্টো শুরুর প্রশ্নটা করেন। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের তালিকায় নাম উঠায়, অভিভাবকশূন্য হয়ে পড়েছেন এনামুলরা। সামনে কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা সময়ের কাছেই সেই প্রশ্ন রেখে দিলেন, ‘‘জানি না কবে ফিরতে পারব। সময় হলে তো আপনাদের সামনেই ফিরবো।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়