নির্বাচনের আগে প্রশাসন পূর্বের রূপ দেখাচ্ছে: আসিফ মাহমুদ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। অতীতের মতো প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি ও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করলে জনগণ তা মেনে নেবে না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “প্রশাসনকে ব্যবহার করে আবারো যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান। মনে করবেন না—শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন।”
প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব। কারো হয়ে কাজ করলে জনগণ তার সমুচিত জবাব দেবে।”
ঢাকা/আরিফুল/রাজীব