চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ হামলা হয়। আহত আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।
আহত আলম হোসেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
আলম হোসেন জানিয়েছেন, শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে আলমের হাত ও পায়ে গুরুতর জখম হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান আলম।
তিনি বলেন, “জামাল শেখ শুধু আমার কাছেই নয়, আরো অনেকের কাছেও সে চাঁদা দাবি করেছে। টাকা না দেওয়ায় আমার ওপর হামলা করেছে।”
মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, “আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম, অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে আহত হয় আলম। আমি তার কাছে চাঁদা চাইনি।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেছেন, “আলমের পরিবারের লোকজন থানায় এসে মারধরের অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বাদশা/রফিক