নরসিংদীতে ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত রফিকুল ইসলাম সরকার (ডানে)।
নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
নিহতের ভাই শরীফ জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রিফাত ও নয়নসহ কয়েকজনের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয় এমনটি ধারণা করছেন তারা।
তিনি জানান, রবিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। গাজিপুরা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। স্থানীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, “তাৎক্ষণিকভাবে হত্যার সঠিক কারণ ও কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত তা বিস্তারিত জানা যায়নি। শুনেছি, আগে থেকে একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুরোপুরি জেনে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/হৃদয়/মাসুদ