নাটোরে সাংবাদিকের ওপর যুবদলের হামলার অভিযোগ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলায় আহত সাংবাদিক জোবায়ের
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দৈনিক সংগ্রামের সাংবাদিক জোবায়েরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর-২ (সদর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তার সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে দৈনিক সংগ্রামের রাজশাহী প্রতিনিধি এর ভিডিও ধারণ করেন। বিএনপির লোকজন দায়িত্বে থাকা আনসার সদস্যের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে ওই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, “প্রশাসনের সামনে একজন প্রার্থীকে লাঞ্ছিত করেছে। কিন্তু, প্রশাসনের নিরব ভূমিকা আমাকে অবাক করেছে। এমনকি দায়িত্বরত একজন সাংবাদিককে প্রশাসনের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরও প্রশাসন তাদেরকে সেফ এক্সিট দেয়। এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার জোর দাবি জানাই।”
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে চলে যান।
ঢাকা/আরিফুল/রফিক