আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছিল: গয়েশ্বর
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “বিগত ১৭ বছর যারা (আওয়ামী লীগ) নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছিল।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপি আয়োজিত নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, “জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল ভিত্তি। নতুন করে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।
ঢাকা/শিপন/রাজীব