ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখেন না আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে খেলতে পারবেন না- এমন ভবিষ্যদ্বাণী দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত শেষ বিশ্বকাপেও ভারত ফাইনাল খেলতে পারেনি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল। এবার তারা সেমিফাইনালে উঠতে পারবে না এমন দাবি করেছেন আমির।
এমনিতেও তিনি আলোচনায় ছিলেন, ভারতের ওপেনার অভিষেক শর্মাকে স্লগার বলে। তার দূর্বলতা বের করতে গিয়ে ভালোমানের ব্যাটসম্যান নন এমন কথা বলেছিলেন। এবার ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলে তীব্র সমালোচনার মুখে তিনি।
পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির বলেছেন, ‘‘এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা স্রেফ আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের চেয়ে ভালো দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।”
ভারত গতবারের চ্যাম্পিয়ন দল। এবার কোনো ম্যাচ না হেরে সুপার এইটে উঠেছে। পাকিস্তানকে স্রেফ বিধ্বস্ত করেছে। গত বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টির স্রেফ ৬টি তারা হেরেছে। এবারও তারা শিরোপায় চোখ রেখে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমিরের চোখে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের যোগ্য দাবিদার,
“আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার স্রেফ মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে খেলবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে।” – যোগ করেন আমির।
সুপার এইটে ভারতের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা। ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে বলার অপেক্ষা রাখে না।
ভালো ক্রিকেট খেলে তারাও যেতে পারে পরের ধাপে, এমনকি জিততে পারে ফাইনালও। তখন আমিরের কী হবে? তার সরল জবাব, “ হলেই কী! ভারত যদি ফাইনালে খেলে তো ভালো… আমার কী!”
ঢাকা/ইয়াসিন