ইফতারের আগে পুত্রবধূর পিঠে ‘গরম তেল’ ঢেলে দিলেন শাশুড়ি
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার শেরপুরে পুত্রবধূ রোখসানা আক্তার রুপার (২৫) পিঠে ‘গরম তেল’ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার শাশুড়ি বিউটি বেগমের বিরুদ্ধে। এতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দশমাইল দড়িপাড়া এলাকায় ইফতারের আনুমানিক ২০ মিনিট আগে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, রোখসানা আক্তার রুপা শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। প্রায় তিন-চার বছর আগে শেরপুরের দশমাইল দড়িপাড়া এলাকার মো. ফারুক আহম্মেদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
ভুক্তভোগীর মা জেসমিন আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি বিউটি বেগম যৌতুকসহ নানা অজুহাতে রুপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত শুক্রবার ইফতারের আগে রুপা রান্নাঘরে কাজ করছিল। এ সময় ওর শাশুড়ি পেছন থেকে গরম তেল পিঠে ঢেলে দেয়। যন্ত্রণায় মেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে, অভিযোগ অস্বীকার করেছেন বিউটি বেগম। তিনি দাবি করেন, ছেলের বউ নিজেই নিজের গায়ে গরম তেল ঢেলে তাকে ফাঁসানোর নাটক সাজিয়েছে।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, “ঘটনাটি শুনেছি। তবে, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/এনাম/রাজীব