ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এজলাস ভাঙচুরের মামলা

জামিন পেলেন লিংকনসহ ১১ আইনজীবী, একজন কারাগারে

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১১:১৩, ৩ মার্চ ২০২৬
জামিন পেলেন লিংকনসহ ১১ আইনজীবী, একজন কারাগারে

ফাইল ফটো

বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, এজলাসে ভাঙচুর ও আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমান রাজুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু এ তথ্য জানান।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীয়াতুল্লাহর আদালতে এজলাসে বসা অবস্থায় হুমকি, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাজিব হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। মামলায় ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। 

জামিনপ্রাপ্ত অন্য আইনজীবীরা হলেন- বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা রিয়াজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নাজিমউদ্দিন পান্না, মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, এপিপি সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন এবং অ্যাডভোকেট বসিরউদ্দিন সবুজ।

বিএনপি ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট মিজানুর রহমান রাজুর জামিন আবেদন নামঞ্জুর করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের জামিনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনায় আদালত বর্জন, বিক্ষোভ ও বিচারকের অপসারণ দাবিতে কর্মসূচি পালন করেন একাংশের আইনজীবীরা। ফলে আদালতে কয়েকদিন বিচার কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।

সোমবার ১২ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক ১১ জনের আবেদন মঞ্জুর করেন এবং একজনের আবেদন নামঞ্জুর করেন।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়