গাজীপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। বালীগাঁও নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহত হন চারজন।
তিনি জানান, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
ঢাকা/রফিক/মাসুদ