ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন।
শনিবার সকালে চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন।
এ সময় শরীফ আজাদের অনুসারীরা পিছু হটে। সাড়ে ১০টার দিকে আবারো ঝুট বের করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন এবং এর লাভের অংশ প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হতো। আজ অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।
তবে এ বিষয়ে শরীফ আজাদ পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, “ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রেজাউল/রাজীব