ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন, দগ্ধ ৩

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১২ মার্চ ২০২৬   আপডেট: ০৯:২৫, ১২ মার্চ ২০২৬
ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন, দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বুধবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত প্রায় পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় অবস্থিত আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে স্থাপিত ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন:

দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য, ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তৃতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত গুদাম ও আবাসিক ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে পড়ায় কয়েকজন দগ্ধ হন এবং ভবনের কয়েকটি অংশে আগুন ধরে যায়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত দুটি ইউনিট কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের ফুলকি ছিটকে পড়ায় কয়েকজন দগ্ধ হয়েছেন এবং হুড়োহুড়িতে আরো কিছু মানুষ আহত হয়েছেন।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়