ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকতে বিশাল আকৃতির মৃত কচ্ছপ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১২ মার্চ ২০২৬  
কুয়াকাটা সৈকতে বিশাল আকৃতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ ভেসে এসেছে। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে হোটেল সি ভিউ সংলগ্ন এলাকায় কচ্ছপটি ভেসে আসে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপারার সদস্য আব্দুল জলিল এটি দেখতে পান।

আরো পড়ুন:

তিনি বলেন, চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপের মধ্যে এটি সবচেয়ে বড়। কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি)। এটি পুরুষ কচ্ছপ এবং বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, বঙ্গোপসাগর উপকূলের কুয়াকাটা এলাকায় বর্ষা মৌসুম শুরু হলে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসে। কেন কচ্ছপের এই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনেক সময় এ সব কচ্ছপের শরীর, পিঠ কিংবা লেজে আঘাতের চিহ্ন থাকে। আবার অনেক ক্ষেত্রে জেলেদের মাছ ধরার জালে প্যাঁচানো অবস্থায়ও কচ্ছপের মৃতদেহ পাওয়া যায়। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এবার ভেসে আসা কচ্ছপটি মাছ ধরার সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আঘাত বা জালে আটকা পড়ার কারণে মারা গেছে। 

কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়