দেশের প্রতিটি জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী পরিকল্পনা করে রেখেছেন: আতিকুর
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গত ১৭ বছরে বগুড়ার উন্নয়নে নানা ঘোষণা দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “শুধু বগুড়া নয়, দেশের প্রতিটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে গেলে বগুড়াকে একটি মডেল সিটিতে পরিণত করা সম্ভব।”
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, “বগুড়া থেকে ঢাকায় যাতায়াত আরো সহজ করতে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে।” তিনি বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গত কয়েক বছরে বগুড়া অবহেলিত ছিল। আমরা সবকিছু দাবি করছি না, তবে বগুড়াসহ অবহেলিত জেলাগুলোর উন্নয়নে আমরা সরকারের সঙ্গে কাজ করতে চাই। সবাই ঐক্যবদ্ধ হলে বগুড়াকে এগিয়ে নেওয়া সম্ভব।”
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ, সংগঠনের উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা।
ঢাকা/এনাম/মাসুদ