বৃষ্টির প্রভাবে বেড়েছে মাছ-মুরগি ও সবজির দাম
টানা বৃষ্টিতে সরবরাহ ও উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকায় বেড়েছে মাছ, মুরগি ও সবজির দাম। বিক্রেতারা বলছেন বাজারে এখন ৬০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। মাছের দাম বেড়েছে মান ও জাতভেদে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
শনিবার (২ মে) ঢাকার হাজারীবাগ, নিউমার্কেট ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানায় যায়, গত এক সপ্তাহ ব্যবধানে বৃষ্টির জন্য সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে অধিকাংশ সবজির দাম।
বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৮০ থাকে ১০০ টাকা। দেশি শশা ১০০ টাকা, করলা ৬০ টাকা, গাজর (দেশি) ৬০টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, কাঁচমরিচ ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাড়তি মাছ, মুরগি ও ডিমের দাম
জ্বালানি তেলের দামের জন্য পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবে বেড়েছে মাছ মুরগি ও সবজির দাম।
এখন বাজারে মাঝারি আকারের চাষের রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা কেজি দরে। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ২২০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশি শিং ৭০০ থেকে ৮০০ টাকা, বড় সাইজের পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, মলা ৬৫০ থেকে ৭০০ টাকা, টেংরা ৭০০ টাকা, রূপচাঁদা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০, বোয়াল আকার অনুযায়ী ৬০০ থেকে ৭০০ টাকা, এবং ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা। সোনালি মুরগির বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকায়।
সপ্তাহ ব্যবধানে ডিমের দাম বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহের ফার্মের মুরগির লাল ডিমের ডজন বিক্রি হয়েছে ২২৫ টাকা দরে, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন।
এছাড়া, মুদি বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এখন নতুন আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। দেশি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকা, রসুন (দেশি) ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা গৃহিণী হাফসা খাতুন রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকে পেঁপে আর কুমড়া বাদে কোন সবজি ৫০ টাকার নিচে দেখলাম না। এভাবে যদি প্রতিদিন সবজির দাম বাড়তে থাকে, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। আজকে দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে দাম বাড়ছে। যদি বৃষ্টি আরো থাকে তাহলে নাকি দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। আমাদের তো আয় এরকম প্রতি মাসে বাড়ে না। আয় আর ব্যয়ের হিসাব মিলাতে পারছি না।”
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সোবহান বেপারি রাইজিংবিডি ডটকমকে বলেন, “এ সপ্তাহে সবজির দাম সামান্য বেড়েছে। এর অন্যতম কারণ হলো অতিরিক্ত বৃষ্টি। বৃষ্টির জন্য মাঠে ফসল নষ্ট হয়েছে এবং এখন গাড়ি ভাড়াও বেড়েছে। আবার মৌসুমী সবজি পুরোদমে আসলে দাম আবার কমে আসবে।”
ঢাকা/রায়হান/ইভা