নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীর পলাশ উপজেলায় ভিন্ন দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই যুবক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌরসভার মধ্য বাগপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিম বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গালিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, বেশ কয়েকদিন আগেই মিম আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শেখ শরিফের ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেখানে সিলিং ফ্যানের সাথে শরিফকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শরিফের বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে জানিয়েছেন। পুলিশের ধারণা, শরিফের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছেন। তারা মাদকাসক্ত ছিলেন বলেও তথ্য রয়েছে। তবে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা ‘সুইসাইড প্যাক্ট' (একযোগে আত্মহত্যা) রয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা/হৃদয়//