ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর মৌলভীবাজার 

মৌলভীবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২২, ২১ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর মৌলভীবাজার 

ঈদের ছুটিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ আশপাশের এলাকাগুলোতে ঈদের প্রথম দিনে মানুষের ভিড় বেড়েছে

আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অনন্য উপলক্ষ ঈদ। এ আনন্দকে আরো উপভোগ্য করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন চায়ের রাজ্য মৌলভীবাজারে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এ জেলা।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ আশপাশের এলাকাগুলোতে ঈদের প্রথম দিনে মানুষের ভিড় বেড়েছে। সবুজ চা বাগান, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর নির্মল পরিবেশ ভ্রমণপিপাসুদের এখানে টেনে আনে বারবার। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে অনেকে বেছে নিচ্ছেন এসব মনোরম স্থান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও হোটেলগুলোতে বেড়েছে বুকিংয়ের চাপ। ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি এনেছে।

গ্রামীণ এলাকাগুলোতে ঈদের ঐতিহ্যবাহী আয়োজন—সেমাই, পিঠাসহ নানা ধরনের দেশীয় খাবারের সুবাসে মুখর হয়ে উঠেছে ঘরবাড়ি। দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত স্বজনরা।

কথা হয় শ্রীমঙ্গল শহরের বাসিন্দা লোনা বেগমের সাথে। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঢাকা থেকে স্বজনরা আসছেন। তাদের জন্য পিঠাপুলি বুনে রেখেছি।” 

ব্যবসায়ী ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, “ঈদ এলে শ্রীমঙ্গলে প্রকৃতিপ্রেমীদের ঢল নামে। আমাদের ব্যবসাও ভালো হয়।” 

গ্র্যান্ড সেলিম রিসোর্টের পরিচালক বলেন, “আজ ঈদের ছুটির প্রথম দিনে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। আগামীকাল ঢল নামবে বলে আমরা আশাবাদী। আমরা ঈদের জন্য অপেক্ষা করি। ঈদ ও বছরের বিভিন্ন উৎসবেই আমাদের ব্যবসা ভালো হয়।” 

কথা হয় টাইঙ্গাইল থেকে বেড়াতে আসা মিনারা, তারানা, মুন্নির সঙ্গে। তারা বলেন, “লম্বা ছুটি কাটাতে আমরা এবার মৌলভীবাজারকে বেছে নিয়েছি। এখানের সবুজ প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে।” 

ঢাকা থেকে এসেছেন আফতাব আহমদ। তিনি  রাইজিংবিডিকে  বলেন, “চা কন্যা শ্রীমঙ্গলের মায়ার টানে এসেছি। দুই দিন থাকব, সব ঘুরে দেখব।”

ট্যুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান চৌধুরী বলেন, “পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।”  

ঈদের ছুটিতে চায়ের রাজ্য মৌলভীবাজার যেন হয়ে উঠেছে আনন্দ উৎযাপনের প্রাণবন্ত কেন্দ্র। এখানে এসে মানুষ শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করছেন না, আপনজনদের সঙ্গে কাটাচ্ছেন স্মরণীয় সময়।

ঢাকা/আজিজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়