শাহ আমানতে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে সিগারেট জব্দসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (ওভি-৪০১) ওমানের রাজধানী মাসকাট থেকে চট্টগ্রামে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো মন্ড ব্র্যান্ডের। এর বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে সিগারেট জব্দ করে কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”
ঢাকা/রেজাউল/রাজীব