বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত রবিন উত্তর চেলোপাড়ার মৃত মিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরছিলেন রবিন। ফুলবাড়ি পাথার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন তারা। পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চাপাতি ও একটি হকিস্টিক উদ্ধার করে।
নিহতের স্ত্রী আলেমা খাতুন বলেন, “এর আগেও আমার স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছিল। আজ তাকে হত্যা করা হয়েছে। আমার ছোট একটি মেয়ে আছে সে এখন কাকে বাবা বলে ডাকবে, আমি এই হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই।”
নিহতের ফুফাতো ভাই মো. টুটুল বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চার মাস আগে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি সামনে এসেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/এনাম/মাসুদ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হঁশিয়ারি