ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলের হাইফা, নিহত ২
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ক্ষতিগ্রস্ত একটি ভবন
ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফায় ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় শহরের অন্তত ১০টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি টিভি চ্যানেল ১২-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
চ্যানেল ১২-এর তথ্যানুযায়ী, আজ সোমবার ভোরে হাইফার ১০টিরও বেশি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ভবন, রাস্তাঘাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
একই সময়ে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।
এদিকে, রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাইফার একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দুজন নিহত ও আরো দুজন নিখোঁজ হয়েছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উদ্ধারকর্মীরা সারা রাত কাজ করেছেন এবং এখনও নিখোঁজ থাকা দুজন ব্যক্তির সন্ধান করছেন।
ইসরায়েলের জাতীয় জরুরি সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলছে, ভবনটিতে একটি ভারী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে ভবনটির অর্ধেক ধ্বংস হয়ে গেছে এবং বাকি অংশটি অত্যন্ত নড়বড়ে হয়ে পড়েছে। এতে ভবনটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
এছাড়া ধ্বংসস্তূপের মধ্যে ওয়ারহেডের অবিস্ফোরিত অংশ থেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের জাতীয় বিশেষ উদ্ধারকারী ইউনিট উদ্ধার কাজে সহায়তা করছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফা পরিবহন ও শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশলগত শহর। এখানে ইসরায়েলের তেল শোধনাগারও অবস্থিত। এ কারণে সংঘাতের শুরু থেকে হাইফা বারবার ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হচ্ছে। এছাড়াও এটি পার্শ্ববর্তী লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটের সীমানার মধ্যেও অবস্থিত।
ঢাকা/ফিরোজ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হঁশিয়ারি