স্পিন বোলিং মানে শুধু বল ঘোরানো না, এটা একটা শিল্প: রফিক
|| রাইজিংবিডি.কম
বাংলাদেশ ক্রিকেটে স্পিনের ঐতিহ্য আরও শক্তিশালী করতে এবার নতুন দায়িত্বে সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ রফিক। বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নজর দিচ্ছেন তরুণদের গড়ে তোলা, মানসিক দৃঢ়তা বাড়ানো এবং বিশ্বমানের স্পিন ইউনিট তৈরিতে। নিজের অভিজ্ঞতা ও দর্শন দিয়ে দেশের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এই সাবেক বাঁহাতি স্পিনার।
রাইজিংবিডির মুখোমুখি হয়ে রফিক নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন খোলা মনে,
রাইজিংবিডি: প্রথমেই অভিনন্দন। বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব কেমন লাগছে?
রফিক: অনেক ধন্যবাদ। সত্যি বলতে এটা আমার জন্য অনেক বড় সম্মান। বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এখন সময় এসেছে আমার অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাথে ভাগ করে নেওয়ার।
রাইজিংবিডি: আপনার মূল লক্ষ্য কী থাকবে এই দায়িত্বে?
রফিক: আমার প্রথম লক্ষ্য হবে তরুণ স্পিনারদের মানসিকভাবে শক্ত করা। শুধু টেকনিক নয়, ম্যাচ পরিস্থিতি বোঝা, চাপ সামলানো, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি চাই তারা যেন আত্মবিশ্বাস নিয়ে বোলিং করে।
রাইজিংবিডি: বর্তমানে বাংলাদেশের স্পিন আক্রমণকে আপনি কীভাবে দেখছেন?
রফিক: আমাদের অনেক প্রতিভাবান স্পিনার আছে। তবে ধারাবাহিকতা একটু সমস্যা। আমি বিশ্বাস করি, সঠিক গাইডলাইন পেলে তারা বিশ্বমানের হয়ে উঠতে পারবে।
রাইজিংবিডি: আপনার নিজের খেলার অভিজ্ঞতা থেকে কী শেখাতে চান?
রফিক: আমি সবসময় বিশ্বাস করেছি, স্পিন বোলিং মানে শুধু বল ঘোরানো না, এটা একটা শিল্প। ব্যাটসম্যানকে ফাঁদে ফেলা, ধৈর্য রাখা। এই জিনিসগুলো শেখাতে চাই।
রাইজিংবিডি: তরুণ স্পিনারদের জন্য আপনার পরামর্শ কী?
রফিক: কঠোর পরিশ্রম করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভয় পেলে চলবে না। মার খেলেও পরের বলটা আত্মবিশ্বাস নিয়ে করতে হবে।
রাইজিংবিডি: সামনে বড় কোনো পরিকল্পনা আছে?
রফিক: অবশ্যই। আমি চাই একটি শক্তিশালী স্পিন ইউনিট তৈরি করতে, যারা দেশের জন্য ম্যাচ জেতাতে পারবে। লং টার্মে আমরা বিশ্ব ক্রিকেটে স্পিন দিয়ে আধিপত্য করতে পারি, এই বিশ্বাস আমার আছে।
রাইজিংবিডি: আপনার ভক্তদের জন্য কিছু বলবেন?
রফিক: ভক্তদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের পাশে থাকুন, আমরা চেষ্টা করব ভালো কিছু উপহার দিতে।
ঢাকা/ইয়াসিন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হঁশিয়ারি