ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিনিয়োগ বাড়াতে কর কমানোর আহ্বান ব্যবসায়ীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৫ এপ্রিল ২০২৬  
বিনিয়োগ বাড়াতে কর কমানোর আহ্বান ব্যবসায়ীদের

জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট প্রস্তাবনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়।

দেশে বিনিয়োগ আকর্ষণীয় করতে কর কমানো ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। একইসঙ্গে দেশীয় নানা ধরনের বিধিনিষেধ আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং উন্নত কর ব্যবস্থা চালু করারও পরামর্শ দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম), ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম), বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) সহ অন্যান্য সংগঠনগুলো ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট প্রস্তাবনায় এ সব বিষয় তুলে ধরেন। 

প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনবিআর সম্মেলন কক্ষে এই বাজেট প্রস্তাবনার আলোচনা অনুষ্ঠিত হয়।

বাজেট প্রস্তাবনায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এর পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কর নীতি নিশ্চিত করতে ও সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নত করতে আহ্বান জানিয়েছেন। যাতে দেশীয় ও বিদেশি উভয় বিনিয়োগ আকৃষ্ট করা যায়। একইসঙ্গে যেসব বিনিয়োগ বর্তমানে বিদ্যমান সেগুলো যাতে ধরে রাখা যায়।

প্রাক বাজেট আলোচনায় করপোরেট কর হার ধীরে ধীরে কমানো, বৃহৎ বিনিয়োগের জন্য কাঠামোগত কর-স্থিতিশীলতা ফ্রেমওয়ার্ক চালু করা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা, কর কাঠামো সহজীকরণ, দ্বৈত করের চাপ কমানো, ন্যূনতম কর হার যৌক্তিক করা এবং দ্বৈত কর সমস্যা সমাধানের সুপারিশ করে ব্যবসায়ী সংগঠনগুলো। 

প্রাক বাজেট আলোচনায় অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, এই সুপারিশগুলো একটি ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক কর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। একইসঙ্গে টেকসই রাজস্ব আয় নিশ্চিত করবে। এছাড়াও, বিনিয়োগকারীদের বিভ্রান্তি কমাতে কর অবকাশ সুবিধা, যোগ্যতা এবং পরিধি সম্পর্কে স্পষ্ট গাইডলাইন ও নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম) এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ ও একটি পূর্বানুমান যোগ্য কর ব্যবস্থা, আমদানি শুল্ক, ভ্যাট ব্যবস্থা সহজীকরণ এবং বাণিজ্য বাধা অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর সভাপতি খোরশেদ আলম বিদেশি নাগরিকদের বাংলাদেশে বিনিয়োগে কর হার কমানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে কর্মরত অনেক চীনা নাগরিক স্থানীয়ভাবে বিনিয়োগে আগ্রহী নন; বরং কম কর হারের কারণে তারা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে বিনিয়োগ করতে বেশি আগ্রহী।

তিনি আরো বলেন, ‘‘আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম কেন তারা এখানে বিনিয়োগ করতে চান না। তারা বলেছে, সিঙ্গাপুরে কর হার প্রায় ৭ শতাংশ, অথচ বাংলাদেশে তা ৩৫ শতাংশের বেশি। যা বিনিয়োগের জন্য কম আকর্ষণীয়।’’

ঢাকা/নাজমুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়