রাঙামাটিতে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটিতে তেলের জন্য অপেক্ষায় মোটরসাইকেল চালকরা।
রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট কাটছে না। দিনদিন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। তেল সরবরাহের নির্ধারিত সময় সকাল ৮টা হলেও আগের দিন রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকদের।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পরিবহন চালকরা জানান, সীমিত সরবরাহ ও অনিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার কারণে চাহিদার তুলনায় তেল পাওয়া যাচ্ছে খুবই কম। ফলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ভোক্তাদের অভিযোগ, ফুয়েল কার্ড ব্যবস্থা চালু না থাকায় অনেকেই সুযোগ নিয়ে অতিরিক্ত তেল মজুত করছেন। একই ব্যক্তি বা যানবাহন একাধিকবার লাইনে দাঁড়িয়ে কিংবা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে অতিরিক্ত তেল সংগ্রহ করছে বলে অভিযোগ করেন তারা। এতে প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই তেল পাচ্ছেন না।
মোটরসাইকেল চালক বাবু জানান, রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। ফলে দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে পেশাজীবী চালকদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সির ব্যবস্থাপক মো. ইদ্রিস বলেন, “যে পরিমাণে জ্বালানি তেল পাচ্ছি, সেটা আমরা প্রশাসনের তদারকিতে বিতরণ করছি। যারা তেল নিচ্ছেন তাদের কোনো রেকর্ড না থাকাতে অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন। ফুয়েল কার্ড চালু করা গেলে এই সমস্যা নিরসন করা যাবে।”
ঢাকা/শংকর/মাসুদ
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে