ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি সাশ্রয়ে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না অধিকাংশ দোকান-শপিংমল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১৩, ৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না অধিকাংশ দোকান-শপিংমল

সন্ধ্যা ৭টার পরেও নিউমার্কেটে চলছে বেচাকনা। ছবি: রাইজিংবিডি

জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৭টার পর দোকান, শপিংমল ও বিপণিবিতান বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভিন্ন চিত্র। ঘড়ির কাঁটা ৭টা পার হলেও অধিকাংশ এলাকায় খোলা রয়েছে বড় বড় শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসনের নজরদারি এড়িয়ে কিংবা বিভিন্ন অজুহাত সাজিয়ে সরকারি এই বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক ব্যবসায়ী। সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব আর ব্যবসায়িক লাভের আশায় সরকারের জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ এখন ভেস্তে যাওয়ার পথে।

আরো পড়ুন:

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর রাজধানীর নিউমার্কেটসহ কয়েকটি শপিংমল ও দোকানপাটে গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান বাদে অধিকাংশ দোকানগুলোতে বেচাকেনা চলছে। নিউমার্কেটে পুলিশ ও সংবাদকর্মীদের দেখে বিদ্যুৎ এর সেন্ট্রাল লাইন বন্ধ করে দেওয়া হয়। তবুও ফুটপাতে দোকানগুলোতে নিজস্ব ব্যবস্থা লাইটের ব্যবস্থা করে বেচাকেনা করতে দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ে লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির অনুরোধে দোকানপাট বন্ধের সময় সন্ধ্যা ৭টা নির্ধারণ করে সরকার। 

এ বিষয়ে রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিংমল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

নিউমার্কেটের সানজিদা ফ্যাশনের স্বত্বাধিকারী মো. আকাশ হাওলাদার রাইজিংবিডি ডটকমকে বলেন, “সামনে বৈশাখ, এই সময়ে আমাদের বেচাকেনা একটু বেশি হয়। সরকারকে অনুরোধ করব সাতটার পরিবর্তনে আটটায় বন্ধ করার জন্য।”

নুরজাহান ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী সোলায়মান আলী বলেন, “নিউমার্কেটে সাধারণত মানুষ সন্ধ্যার পর মার্কেট করতে আসে, আমরা সারাদিন বসে থাকি, সন্ধ্যার পর আমাদের বিক্রি বাড়ে। এখন যদি সন্ধ্যা সাতটায় বন্ধ করে দেই তাহলে আমাদের দোকান ভাড়া উঠবে না। তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকারের উচিত আরো এক ঘণ্টা বাড়িয়ে দেয়া।”

নিউমার্কেটে মেয়ের জন্য পোশাক কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাফর মুন্সী। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “অফিস শেষ করে আসতে আসতে সাড়ে ছয়টা বেজে গেছে। সাতটার সময় বন্ধ করে দিবে বলছে। তাই তাড়াহুড়োয় পোশাক পছন্দ করতে পারিনি। তাই আজকে না নিয়ে চলে যাচ্ছি। পরে দিনে এসে দেখে নিয়ে যাব।”

এদিকে, দোকানপাট ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে চেয়ে সরকারের প্রতি আবার অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি। রবিবার বিকেলে গণমাধ্যমকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, “জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের ব্যাপারে দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় সময় বৃদ্ধিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পাওয়ায় প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে সামনে পহেলা বৈশাখের পরিপ্রেক্ষিতে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি আবারও পুনর্বিবেচনার করার অনুরোধ রইল।”

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ জানান, সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের সিদ্ধান্ত থেকে ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে আবারো অনুরোধ জানাই।

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়