ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কয়েক ঘণ্টায় ইরানের ১২ শহরে মার্কিন-ইসরায়েলি হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৩৭, ৬ এপ্রিল ২০২৬
কয়েক ঘণ্টায় ইরানের ১২ শহরে মার্কিন-ইসরায়েলি হামলা, নিহত ২৪

মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনে ইরানি রেড ক্রিসেন্টের উদ্ধার তৎপরতা

ইরানের রাজধানী তেহরানে রাত থেকে তীব্র বিমান হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। আল জাজিরার তেহরান সংবাদদাতা মোহাম্মদ ভালের প্রতিবেদন অনুযায়ী, তেহরানজুড়ে হামলা চলছে। রাতে মেহরাবাদ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। 

এছাড়া শরিফ ইউনিভার্সিটির কাছেও একটি হামলা হয়েছে। এটি সরাসরি আঘাত না করলেও খুব অল্পের জন্য রক্ষা পেয়েছে। শরিফ ইউনিভার্সিটির কাছের হামলাটি একটি গ্যাস সাবস্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছিল। ওই এলাকায় প্রচুর ধোঁয়া দেখা গেছে।

আরো পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, গতরাতে তেহরানজুড়ে আরও অনেক হামলা হয়েছে। এছাড়া গত কয়েক ঘণ্টায় অন্তত ১২টি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে বন্দর আব্বাস এবং আহভাজ (যেখানে বিমানবন্দরে আঘাত করা হয়েছে)। এছাড়া মাহশাহর শহর, বন্দর-এ লেঙ্গেহ, শিরাজ, ইসফাহান, কারাজ এবং কোম শহরেও হামলা হয়েছে। কোমে পাঁচজন নিহত হয়েছেন এবং কং শহরে ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

ইরানি সংবাদ সংস্থা ফারসের তথ্যানুযায়ী, মার্কিন-ইসরায়েলি বাহিনী বাহারিস্তান কাউন্টির কালাহ মীর শহরের দুটি আবাসিক ভবনেরও বোমা হামলা চালিয়েছে, এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এই কাউন্টিটি তেহরান প্রদেশের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। বাহারিস্তানের গভর্নর ফারস-কে জানান, ধ্বংসস্তূপ সরানো ও আটকে পড়াদের উদ্ধারের কাজ এখনও চলছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে এখন পর্যন্ত ১ লাখের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এসব হামলায় ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

ইরানের পাশাপাশি লেবাননেও তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আল-জাজিরা আরবির প্রতিবেদন অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুতের জনাহ ও আইন সাদেহ এলাকায় রাতভর ইসরায়েলি হামলায় ৮ জন নিহত এবং আরও ৫৫ জন আহত হয়েছেন।

জনাহর হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরীসহ পাঁচজন নিহত এবং আটটি শিশুসহ ৫২ জন আহত হয়েছে। অন্যদিকে, মাতন জেলার আইন সাদেহ পাহাড়ে হামলায় দুজন নারীসহ তিনজন নিহত ও তিনজন নারী আহত হয়েছেন।

এর আগে রবিবার (৫ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১ হাজার ৪৬১ জন নিহত এবং ৪ হাজার ৪৩০ জন আহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়