ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অবশেষে বিসিবির কোচ মোহাম্মদ রফিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৫ এপ্রিল ২০২৬  
অবশেষে বিসিবির কোচ মোহাম্মদ রফিক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার মোহাম্মদ রফিক কেন ক্রিকেট বোর্ডে নেই তা নিয়ে জিজ্ঞাসা কম ছিল না। সময় অসময়ে মোহাম্মদ রফিককেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বরাবরই তিনি ক্রিকেট বোর্ডের কোর্টে বল ঠেলে দিয়েছেন।

নানা সময়ে বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের অন‌্যান‌্য আসরে রফিককে দেখা যেত। কিন্তু এবার তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে কাচ করবেন তিনি। দেশের নানা পর্যায়ের স্পিনাররা পাবেন তার তালিম। গতকাল বোর্ডের চতুর্থ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় বিসিবি।

আপাততম এক বছর বোর্ডের সঙ্গে চুক্তি রফিকের। স্পিনারদের নিয়েই মূলত কাজ করবেন তিনি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘‘মোহাম্মদ রফিকের যে পারফরম্যান্স দেখি… ওর ক্যারিয়ারের পারফরম্যান্স এবং এখনও ওর খেলা যখন আমরা দেখি, তখন মনে হয় না যে অবসর নেওয়া একজন খেলোয়াড়। ওর যে ইনটেন্ট থাকে, মাঠের মধ্যে বড় বড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে সাধারণ একটা খেলায়ও… কাজেই আমাদের মনে হয়েছে, অনেক কিছু দেওয়ার আছে।”

 “ও যদি আমাদের জুনিয়র লেভেলের ক্রিকেটার, এমনকি সিনিয়র লেভেলের ক্রিকেটার, যারা স্পিন বোলিং করে, তাদের সাথে যদি কাজ করে, ওর কাছ থেকে যে টিপসগুলো ওরা পাবে, সেটা ওদের জন্য খুব উপকারী হবে।” – যোগ করেন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। ক‌্যারিয়ারের শুরু থেকেই রফিক ছিলেন নিবেদিতপ্রাণ। খেলাই ছিল সব তার। খেলা ছাড়ার পর তাকে সেভাবে কাজে লাগানো হয়নি। তবে বিশেষায়িত একজন স্পিন কোচ যে বাংলাদেশের জন‌্য প্রয়োজন তা অনেক দেরিতে বুঝেছে বোর্ড।

নাজমুল আবেদীন বলেছেন, ‘‘সত্যি বলতে, আমরা যদি একটু হিসাব করি, আমাদের প্রায় ৮-১০ জন পেস বোলিং কোচ আছেন। কিন্তু আমরা পিছন ফিরে তাকালে দেখব, ৩ জন স্পিন কোচ খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের দেশের ক্ষেত্রে। ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে।”

 “রফিক প্রায় তৈরি একজন কোচ, যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও আমরা ৪-৫ জনকে ভবিষ্যতে হয়তো দেখতে পাব, যাদেরকে আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করব। কারণ আস্তে আস্তে আমরা যখন বিকেন্দ্রীকরণে যাচ্ছি, আমরা কিন্তু এইগুলোর মুখোমুখি হচ্ছি যে, আমাদের যথেষ্ট লোকবল নেই, স্পেশালাইজড লোকবল নেই। ওটা খুব প্রয়োজন হবে আমাদের। ওইটা মাথায় রেখেই রফিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়