জাজিরায় ৩ সপ্তাহে হামের টিকা পাবে ৩০ হাজার শিশু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের জাজিরায় রবিবার থেকে শিশুদের হামের টিকা দেওয়া শুরু হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় ছয় মাস থেকে ৫ বছরের কম বয়সের শিশুদের হামের বিশেষ টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহে এই উপজেলায় অন্তত ৩০ হাজার শিশুকে হামের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (৫ এপ্রিল) সকল ১০টায় উপজেলার খোশাল সিকদার কান্দির সেলিম মাদবর বাড়ির কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন রেহান উদ্দিন।
বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটিতে ১৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এবছর ৫৮ জন শিশু হামে আক্রান্ত হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ১৫ শিশু।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, “হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে সরকার সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ১৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ৩০ হাজার শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।”
তিনি শিশুদের অভিভাবকদের উদ্দেশে বলেন, “তারা যেন নিজেদের সন্তানদের এই বিশেষ টিকা দিতে কেন্দ্রে নিয়ে আসেন।”
ঢাকা/সাইফুল/মাসুদ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের