কৃষি কার্ডে তেল বিক্রি, কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল শুরু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটিতে কৃষি কার্ড দেখিয়ে কৃষকেরা পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন।
রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের চারটি পাম্পের মধ্যে তিনটিতে রুটিন অনুযায়ী ডিজেল দেওয়া হয়। তবে সময় বেঁধে দেওয়ার ফলে অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে গেছে।
স্থানীয় প্রশাসন সপ্তাহে তিন দিন ডিজেল ও তিন দিন অকটেন দেওয়ার ঘোষণা দেয়। এতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরলেও সময় বেঁধে দেওয়া অনেক কৃষককে খালি কন্টেনার নিয়ে ফিরতে হয়েছে।
তাদের দাবি, সঠিক চাষি যাচাই-বাছাই করে সময় বৃদ্ধি করে তেল দেওয়া হোক। সময় শেষ হয়ে গেলে পাম্পে তেল থাকলেও পাম্পগুলো তেল সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এতে দুর্গম এলাকা থেকে আসা কৃষক, জেলে ও পণ্যবাহী গাড়ির চালকরা ভোগান্তিতে পড়ছেন।
কৃষক রবি মোহন জানান, আগে প্রতিদিন জমিতে পানি দিতে পারলেও তেলের অভাবে একদিন বা দুইদিন পর পর পানি দিতে হচ্ছে। বৃষ্টি না থাকায় জমির মাটি ফেটে গিয়ে ধানের গাছ মরে যাচ্ছে। তেল সরবরাহের সময় বৃদ্ধির দাবি জানান তিনি।
জ্বালানি সংকটে পাঁচ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। স্পিডবোট ঘাটের ব্যবস্থাপক মো. মহিউদ্দিন বলেন, কিছুটা তেল পাওয়া যাওয়ায় কিছু স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ চন্দ্র রায় বলেন, কৃষি কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এতে সঠিক কৃষকদের বাছাই করা সহজ হয়েছে। তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা/শংকর/বকুল
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের