গ্রামের বাড়িতে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে পৌঁছায় আবদুল্লাহ আল মামুনের মরদেহ।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টার দিকে মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ে আসা হয়।
নিহত মামুন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা ছিলেন।
গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরবর্তীতে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সকাল থেকে উপজেলার ভরভরা গ্রামে মামুনের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। সবাই তার মরদেহের অপেক্ষায় ছিলেন। তার জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
পরিবারের সদস্যরা জানায়, জীবিকার জন্য আট বছর আগে সৌদি আরব যান মামুন। সর্বশেষ ৫ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তিনি এক ছেলে সন্তানের জনক।
নিহত মামুনের বাবা শহীদ সওদাগর বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতো। ঈদের পর আসার কথা ছিল, আসলো কিন্তু লাশ হয়ে।”
নিহতের চাচা গুলজার সওদাগর বলেন, “আমার ভাতিজা পরিবারের সচ্ছলতা ফিরাতে ১৫ বছর আগে সৌদি আরবে যান। ৫ বছর আগে দেশে এসেছিল। ঈদের পর আবার আসার কথা ছিল। দেশে এসে বাড়ি করার কথা ছিল। সরকারকে ধন্যবাদ জানাই, ভাতিজার মরদেহটি দ্রুত সময়ে নিয়ে আসার জন্য। আমার চাওয়া, তার পরিবারের পাশে যেন বাংলাদেশ সরকার সব সময় থাকে।”
ঢাকা/মিলন/মাসুদ
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে