ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, ডিজেল আমদানিসহ নানা বিষয়ে আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:১৫, ৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, ডিজেল আমদানিসহ নানা বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানান, বৈঠকে জ্বালানি সহযোগিতা জোরদারের অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো গভীর করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “ইতিবাচক মনোভাব থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।”

জবাবে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী ভারত।” 

বৈঠক শেষে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, “শেখ হাসিনা রাজনৈতিকভাবে বাংলাদেশে আর প্রাসঙ্গিক নন এবং এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি।” তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামীকাল (৭ এপ্রিল) তিনি ভারতে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরও করবেন।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়