নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার সময় বাড়াল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গেজেট প্রকাশের পর থেকে প্রার্থীদের এক মাসের মধ্যে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নিয়ম থাকলেও বিভিন্ন কারণে অনেক প্রার্থী নির্ধারিত সময়ে তা দিতে পারেননি। বিশেষ করে, অসুস্থতা ও অন্যান্য সীমাবদ্ধতার কথা উল্লেখ করে কয়েকজন প্রার্থী সময় বাড়ানোর আবেদন করেন। এসব আবেদন বিবেচনায় নিয়ে কমিশন এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে হয়।
আইন অনুযায়ী, বর্ধিত সময়ের মধ্যেও কেউ ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে আরো ১৫ দিন সময় নেওয়ার সুযোগ রয়েছে। এরপরও হিসাব না দিলে প্রার্থিতা বাতিল, দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।
এদিকে, ভোটার দিবস প্রসঙ্গে ইসি সচিব জানান, ২ মার্চ জাতীয় ভোটার দিবস যথাযথভাবে পালন না হওয়ায় বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। ভবিষ্যতে দিবসটি আরো অর্থবহ ও আনুষ্ঠানিকভাবে পালনের জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে, যা প্রয়োজনীয় সুপারিশ দেবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে কমিশনের সভায় কোনো আলোচনা হয়নি। মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন এলেও তা আজকের আলোচনার অংশ ছিল না।
ঢাকা/এমএএসবি/রফিক
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে