পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উদযাপন
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা শহরের হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে তার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিককর্মীরা।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংবাদিক প্রবীর সাহা, মাসুদ রানা, সেলিম মোর্শেদ রানা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ।
জন্ম দিনে মহানায়িকার বাড়ি উদ্ধারের দীর্ঘ বছর পার হলেও বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় বক্তারা হতাশা প্রকাশ করেন। তারা বলেন, বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কাজ হয়নি। দিন দিন বিষয়টি স্তিমিত হয়ে পড়ছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তী এই মহানায়িকা। অনন্য অভিনয়ের কারণে আজও কোটি ভক্তের হৃদয়ে সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।
সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। পাবনা শহরের বাড়িতে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। বাবা ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবা করুণাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা সেন।
১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি। বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার সাতটি সিনেমায় তাঁকে দেখা গেছে।
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন ৮২ বছর বয়সে ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন।
ঢাকা/শাহীন/বকুল
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে