সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাম্পে বোরখা পেঁচিয়ে মারা যাওয়া নারীর স্বজনদের আহাজারি।
শরীয়তপুর পৌরসভার চরপালংয়ে অরক্ষিত সেচ পাম্পে বোরখা জড়িয়ে যাওয়ায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চরপালং এলাকার কীর্তিনাশা নদীর পাড়ে বোরো আবাদ সচল রাখতে একটি পাম্প বসানো হয়। সোমবার সকালে পাম্পের পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন একই এলাকার ইব্রাহিম সরদারের স্ত্রী রোজিনা বেগম। এসময় তার বোরখা পাম্পের বেল্টে জড়িয়ে যায়। ফলে মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীপাড়ের হাটাচলার রাস্তায় সেচ পাম্পটি বসানো হলেও সুরক্ষার জন্য নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এই মৃত্যুতে পাম্প কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন তারা।
নিহতের মেয়ে লাবনী বলেন, “নদীর পাড়ে হাটাচলার রাস্তায় পাম্প বসানো হয়েছে। তারা পাম্প ঘরে কোনো বেড়া দেয়নি। আমার আম্মু এদিক দিয়ে যাওয়ার সময় সেই মেশিনে পেঁচিয়ে মারা যায়। আমরা এই ঘটনায় বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এই মেশিনের জায়গায় বেড়া দিয়ে দিতে। কিন্তু যারা এটা বসিয়েছে, তারা আমাদের কথা শোনেনি। আজ তাদের কারণেই এই মৃত্যু হয়েছে। আমরা দোষীদের বিচার চাই।”
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সেলিম মিয়া বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি নারীর দেহ মেশিনে প্যাঁচানো। পরে দেহটি বের করে আনি।”
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন বলেন, “মেশিনটি সম্পূর্ণ অরক্ষিত ছিল। মেশিন মালিক আর যারা এই দায়িত্বে ছিল তারা দোষী। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/সাইফুল/মাসুদ
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত ১৩ ও স্বতন্ত্র ১টি আসন পাচ্ছে