ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা: মন্ত্রী

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১৯, ৭ এপ্রিল ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা: মন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা, এ কথা উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “বিগত সরকার এ খাতকে অবহেলার পাত্র করেছিল।” 

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, “আমি নকলের দাফন করেছি। নকলের চল্লিশা করেই মন্ত্রণালয় ছেড়েছি। বর্তমানে নকলের কালার করোনার মতো চেঞ্জ হচ্ছে। আমাদের কালারও চেঞ্জ করতে হবে। অভিন্ন প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।” 

তিনি বলেন, “সরকার মানসম্মত শিক্ষার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা খাতে অভাব-অনটন দূর করতে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।” 

অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন পরিবর্তন করে যুগোপযোগী করার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। 

আ ন ম এহছানুল হক মিলন বলেন, “সরাসরি শিক্ষকদের মতামত জানতেই এত কষ্ট করে সারা দেশ ঘুরছি। আমি আপনাদের মতামত চাই। এর জন্য দেশব্যাপী টানা সাত দিনের সফরে বের হয়েছি। আমি আপনাদের ভীতি দিতে চাই না।”

পরে দুপুর আড়াইটার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী এক বছরের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে। পাশাপাশি সারা দেশের প্রতিটি বিভাগে একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে সুপারিশ করবেন বলে জানান। 

মতবিনিময় সভায় বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়