ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তর আমেরিকায় বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ঝড়

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৭ এপ্রিল ২০২৬  
উত্তর আমেরিকায় বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ঝড়

বাংলাদেশের চলচ্চিত্রের জয়জয়কার এখন দেশের সীমানা ছাড়িয়ে সুদূর উত্তর আমেরিকায়ও। তানিম নূর পরিচালিত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করছে। মুক্তির মাত্র ৩ দিনেই সিনেমাটি ইউএস বক্স অফিস চার্টে ১৭ নম্বর অবস্থানে জায়গা করে নিয়েছে। 

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর তথ্যমতে, কানাডা ও আমেরিকায় বাংলাদেশি সিনেমা হিসেবে এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং দেওয়ার রেকর্ড গড়েছে। প্রথম ৩ দিনে সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। এর আগে কেবল ‘হাওয়া’ সিনেমা ১ লাখ ৫৯ হাজার মার্কিন ডলার আয় করে এই তালিকার শীর্ষে ছিল।  

আরো পড়ুন:

মাত্র ৩ দিনের আয়েই ‘বনলতা এক্সপ্রেস’ উত্তর আমেরিকায় সর্বকালের ৪র্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। এটি পেছনে ফেলেছে ‘তুফান’ ($১৫০,০০০), ‘প্রিয়তমা’ ($১৩২,০০০) এবং ‘দেবী’ ($১২৫,০০০) এর মতো ব্লকবাস্টার সিনেমার লাইফটাইম কালেকশনকে। 

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার এমন সাফল্যে আবেগাপ্লুত পরিচালক তানিম নূর। তিনি বলেন, “আমি উত্তর আমেরিকার দর্শকদের সাড়ায় অভিভূত। সিনেমার সকল শিল্পী, কুশলী ও দর্শককে ধন্যবাদ জানাই। হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি, তিনিই আসল ম্যাজিশিয়ান।” 

স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এই সাফল্যকে সুনামির সঙ্গে তুলনা করেছেন। গত ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইউকের ৫২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। 

হূমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ।  

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। প্রযোজনায় আছে বুড়িগঙ্গা টকিজ, সহ–প্রযোজনায় হইচই স্টুডিওস।

ঢাকা/রোহান/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়