যশোরে পাটকলে আগুন, কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গা গেট এলাকায় জার্বান ফাইবার্স লিমিটেড নামের একটি পাটকলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছে পাটকল কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ওই পাটকলে আগুন লাগে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জার্বান ফাইবার্স লিমিটেড ‘নওয়াপাড়া জুট মিল’ নামে পরিচিত। পাটকলটি বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে।
মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানিয়েছেন, রাত ২টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও মিলের কর্মীদের প্রচেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মেশিনসহ পাট পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ৮টার দিকে অগ্নিনির্বাপণকাজের সমাপ্তি ঘোষণা করা হয়।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনারি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। আগুনে কেউ হতাহত হননি।”
ঢাকা/রিটন/রফিক
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ, ৩ মাসের মধ্যে নির্বাচন, অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল