এএসপি পরিচয়ে প্রেম, পরিচয়পত্র বানাতে এসে আটক রাজমিস্ত্রি
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুলিশের গাড়িতে মোস্তাফিজুর রহমান। ইনসেটে ভুয়া পরিচয়পত্র
সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে প্রেম। সেই সম্পর্ককে পোক্ত করতে ভুয়া পরিচয়পত্র তৈরীর পরিকল্পনা করেছিলেন। কিন্তু, বিধি বাম। পরিচয়পত্র বানাতে গিয়ে ধরা পড়েছেন আসল পুলিশের হাতে।
আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি রাজমিস্ত্রি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামে তার বাড়ি। বাবার নাম মোখলেছার রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকার একটি প্রিন্টিং প্রেস থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকার আরটি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের (এএসপি) একটি পরিচয়পত্র তৈরি করতে বলেন মোস্তাফিজুর। তার আচরণ ও কথায় সন্দেহ হলে দোকানের কর্মচারীরা বিষয়টি পাশে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি বেরিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জন করতে তিনি এই ভুয়া পরিচয় দেন এবং সেটি বিশ্বাসযোগ্য করতে পরিচয়পত্র বানাতে আসেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি শাহজাহান আলী বলেছেন, “মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, মোস্তাফিজুরের মানসিক সমস্যা আছে। বিষয়টি যাচাইয়ের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিরুল/রফিক
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ, ৩ মাসের মধ্যে নির্বাচন, অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল